প্রকাশ করা হলো প্রার্থীদের চুড়ান্ত তালিকা

প্রকাশ করা হলো প্রার্থীদের চুড়ান্ত তালিকা

আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ মোট ২৫টি পদে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ রোববার (৩ মার্চ) বিকেলে ডাকসুর ওয়েবসাইটে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়।

প্রকাশিত তালিকায় দেখা যায়- সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন ও সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, গত বুধবার ২৬ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করা ২৩৮ জনের মধ্যে ২৩১ জন স্থান পায়। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া ৭ জনের মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পান।

এদিকে আজকে প্যানেল ঘোষণা করলো বিসিএল। নাইম হাসানকে ভিপি এবং শাহরিয়ার রহমানকে জিএস পদপ্রার্থী করে আসন্ন ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

আজ দুপুরে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই প্যানেল ঘোষণা করে জাসদ(আম্বিয়াপন্থী) এর ভ্রাতৃপ্রতিম এই সংগঠন।

প্যানেলে অন্যান্যদের মধ্যে এজিএস পদে প্রার্থী করা হয়েছে আশরাফুল আলমকে ফাহিমকে।
এছাড়া স্বাধীনতা সংগ্রাম মুক্তিযোদ্ধা সম্পাদক পদে মোহন উচ্ছ্বাসকে, সংস্কৃতি সম্পাদক পদে সাইফুল ইসলামকে, সমাজসেবা পদে মাহবুবুর রহমানকে এবং সদস্য পদে মশিউর রহমান জারিফকে প্রার্থী করা হয়েছে।

প্রসঙ্গত, প্রশাসনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১১ই মার্চ হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। আজ ৩ই মার্চ ঘোষণা করা হয়েছে চুড়ান্ত প্রার্থী তালিকা।