সীমান্তে ফের হত্যা, নতুন বছরে নিহত ৪ বাংলাদেশি

সীমান্তে ফের হত্যা, নতুন বছরে নিহত ৪ বাংলাদেশি

সীমান্ত হত্যাকাণ্ড কখনোই সমাধান করতে চায়নি দু’দেশের সরকার। যার ফলশ্রুতিতে বিরতি দিয়েই সীমান্তের এই হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। আজ শনিবার ভোরে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে নিহত হয়েছে এক বাংলাদেশি। নিহত যুবকের নাম আসাদুল হক (২৫)।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আজ ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীর ১০-১৫ জনের একটি দল গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এই ঘটনার মধ্য দিয়ে নতুন বছরের এই ক’দিনেই নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এর আগে ১৮ জানুয়ারি ধর্মগড় সীমান্তে জাহাঙ্গীর আলম রাজু (২১), ২২ জানুয়ারি মিনাপুর সীমান্তে জেনারেল (১৮) এবং ২৮ জানুয়রি জগদল সীমান্তে বাবু (১৮) নামের বাংলাদেশি যুবক নিহত হয়। এই তিনজনই ঠাকুরগাঁও জেলার সীমান্তে নিহত হয়।