একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে এবার অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনও গতকাল ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে একই ঘোষণা দেন।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এ সিদ্ধান্ত জানান দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ৩০শে ডিসেম্বর প্রহসনের নির্বাচনে জনগণের মতামত প্রতিফলন ঘটেনি তাই এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এবং অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী বিরোধী দলগুলো যেখানে মাঠেই নামতে পারেনি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। পোস্টার দেখা না গেলেও মাইকিং, লিফলেটে প্রচার চালিয়েছে তারা। তারপরও নির্বাচনের দিন ভোটকেন্দ্রে তাদের সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অনেক নেতা-কর্মী। তারই ধারাবাহিকতায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।