আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে ২৩ জন পুলিশ সদস্য। গত সপ্তাহেই একই রকম হামলায় নিহত হয়েছিল ১২ জন। এর সাথেই পুনরায় রণক্ষেত্র হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তান।
আগামী মাসে সৌদিতে আশরাফ ঘানি সরকারের শান্তি আলোচনা নাকচ করার পর দিনই এ হামলার ঘটনা ঘটিয়েছে তালেবান। তারা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শার-ই-পুল এর সায়াদ জেলার কেন্দ্রস্থলে এই হামলা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ৭ ঘন্টাব্যাপী চলতে থাকে।
এই ঘটনায় ২৩ জন নিহত ছাড়াও ২৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি এই হামলার দায় শিকার করেছে।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ আসিফ সাদিকি জানিয়েছেন, তালেবান যোদ্ধারা জেলার কেন্দ্রস্থলের দুটি সিকিউরিটি পোস্টে আকস্মিক হামলা করে।
উল্লেখ্য, গত নভেম্বর থেকে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে নড়েচড়ে বসে আন্তর্জাতিক মহল। আলোচনায় বসে তালেবানের সাথে। সে আলোচনায় রাশিয়া ও চীনসহ ভূরাজনৈতিক দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র ও ভারত তাদের পর্যবেক্ষক পাঠিয়েছিল। সে আলোচনায় আশরাফ ঘানি সরকারকে গুরুত্ব না দেয়ায়, সরকারিভাবে আফগানিস্তান যোগ দেয়নি। গত রবিবার আশরাফ ঘানি সরকারের সাথে সৌদিতে আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় তালেবান। যার মাত্র একদিন পরই এই হামলা।