হাসপাতাল থেকে আবারও ডিবিতে শহিদুল আলম

হাসপাতাল থেকে আবারও ডিবিতে শহিদুল আলম

শহিদুল আলমকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। তার স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়ে রিমান্ডে থাকা শহিদুল আলমকে।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, সকালে বিএসএমএমইউতে আসার পর তাকে কেবিনে নেয়া হয় এবং তাৎক্ষণিক চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিসিন অনুষদের ডিন ডা. এ বি এম আব্দুল্লাহকে প্রধান করে সার্জারি বিভাগের চেয়ারম্যান তৌহিদুল আলম, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান হারিছুল হক, অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বিরুকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির নির্দেশনা আনুযায়ী শহিদুল আলমের এক্সরে, ইসিজি, ইকো, রক্ত পরীক্ষাসহ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়।

এছাড়াও কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়। সবগুলো টেস্টের রিপোর্ট পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড জানায়, শহিদুল আলম ভর্তিযোগ্য নয়। এরপর তাকে ডিসচার্জ করা হয়। আঘাতে চিহ্ন নিয়ে প্রশ্ন করলে জানা যায়, তারা শহিদুল আলমের শরীরে কোন আঘাতের চিহ্ন পাননি।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে আজ সকাল নয়টায় শহিদুল আলমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আবার গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়া যাওয়া হয়।

অন্যদিকে তার সাথে দেখা করতে গেলে তার আইনজীবী সারা হোসেনকে ফিরিয়ে দেয়া হয়। জানানো হয়, তিনি রিমান্ডে আছেন। তাই তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হবে না।