জাতিসংঘে ছাত্রলীগ সম্পর্কে নালিশ দিয়েছে বিএনপি

জাতিসংঘে ছাত্রলীগ সম্পর্কে নালিশ দিয়েছে বিএনপি

আমরা জাতিসংঘকে জানিয়ে দিয়েছি, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ৷ আমরা বাংলাদেশের জনগণের সাথেই আছি, সেটা সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সত্য অনুসন্ধান করুন। বিএনপি জাতিসংঘের কাছে ছাত্রলীগ সম্পর্কে নালিশ দিয়েছে বলে দাবি করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বুধবার ঢাবি ছাত্রলীগ আয়োজিত এক ছাত্রী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই মুহূর্তে নানা অশুভ খেলা চলছে। এই মুহূর্তে আন্দোলন হওয়ার মতো বস্তুগত পরিস্থিতি নেই। বিএনপি’র আন্দোলন একবার কোটা আন্দোলনে ভর করে আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়কের ওপর ভর করে। কিন্তু শিশুরা বাড়ি ফিরে গেছে। নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেও সফলতা আসেনি।’

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তিনি বলেন, ‘বিএনপি দেশে-বিদেশে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত৷ কানাডার এক আদালত বিএনপির এক নেতাকে সন্ত্রাসী বলে রায় দিয়েছিল। ছাত্রলীগ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আছে ৷ এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে৷’

সংলাপ সংলাপ করে বিএনপি জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইছে বলে দাবি করেন ওবায়দুল কাদের৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বিএনপির উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘তুমি আমাকে হত্যা করতে চেয়েছো, আমার ২২ জনের রক্তে ভেসে গেছে বঙ্গবন্ধু এভিনিউ৷ তোমার সঙ্গে আমি সংলাপ করবো?’

সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদের কাছে আমাদের নেত্রীর প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো৷ ছাত্রদের আন্দোলন যুক্তিসঙ্গত ছিল৷ কিন্তু, ছাত্রদের ইনোসেন্ট মুভমেন্টকে রাজনৈতিক সন্ত্রাসে রূপ দিয়েছে বিএনপি ও তার উগ্র সাম্প্রদায়িক দোসররা। আমরা অনেক সহ্য করেছি, ধৈর্য ধরেছি৷ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ অপপ্রচার করে আমাদের অর্জনকে কালিমালিপ্ত করতে চায় তারা; অথচ দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেয় না৷’

ছাত্রলীগের নতুন কমিটিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস যাচাই-বাছাই করে কমিটি দিয়েছেন। এ কমিটিতে যেন কোন অনুপ্রবেশ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা দুঃসময়ের ত্যাগী সেইসব কর্মীদের যেন স্থান হয়।’