কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর গুলিতে কিশোরীসহ নিহত ৩

কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর গুলিতে কিশোরীসহ নিহত ৩

রাজ্যপাল শাসিত জম্মু কাশ্মিরে আবারও সেনা ও সাধারণ কাশ্মিরীদের সংঘর্ষ। আজ শনিবার কাশ্মিরের কুলগাম জেলায় দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে ১৬ বছরের কিশোরী আন্দলিব সহ তিনজন কাশ্মিরী নিহত হন। বাকি দু’জন হলেন, শাকির আহমেদ খান্ডে (২২), এবং ইরশাদ মাজিদ (২০)। এছাড়া আহত হন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

কুলগামের একটি গ্রামে স্বাধীনতা সংগ্রামী কাশ্মিরী (ভারত যাদের সন্ত্রাসী সম্বোধন করে) নাগরিকের খোঁজে তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনীর গুলির মুখে সাধারণ জনগণের পাথর ছোড়ার প্রতিরোধ খুব একটা কাজে আসে নি।

পরবর্তী সংঘর্ষ দমন করতে কাশ্মিরের কুলগাম, সোপিয়ান, অনন্তনাগ এবং পুলওয়ামায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে সরকার।

এই ঘটনার তীব্র সমালোচনা করেন হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুক। তার মতে, কাশ্মিরে সেনা হত্যাকাণ্ড চালাচ্ছে। সেনাদের গুলিতে তিনজন মারা গিয়েছে। আহত হয়েছে অনেকে।

অন্যদিকে জম্মু ও কাশ্মিরের রাজ্যপাল এনএন ভোহরা পুলিশ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হতাহতের বিষয়ে আলোচনার জন্য ডেকেছেন।

উল্লেখ্য, কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগের পর রাজ্যটিতে রাজ্যপাল শাসন জারি হয়।