সিরিয়া সংকট নিয়ে আঙ্কারায় রাশিয়া-তুর্কি-ইরান বৈঠক

সিরিয়া সংকট নিয়ে আঙ্কারায় রাশিয়া-তুর্কি-ইরান বৈঠক

সিরিয়া সংকট নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন তুরস্ক, রাশিয়া ও ইরানের রাষ্ট্র প্রধানেরা। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়া সংকট নিয়ে সাম্প্রতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঙ্কারায় পৌঁছান, এরপর সন্ধ্যায় আসেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সিরিয়া যুদ্ধের অংশীদার এই তিন প্রভাবশালী দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সিরিয়া সংকট বিষয়ে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে রাশিয়ার সোচিতে গত নভেম্বরে এই তিন নেতা সিরিয়া সংকট নিয়ে আলোচনায় বসেন, তারই ধারাবাহিকতায় আবারও বসছেন তিন পরাশক্তির নেতারা। খবর আলজাজিরার।

ইরান ও রাশিয়া সরকার সিরিয়ার গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে, অন্যদিকে তুরস্ক সরকার বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে।

ইস্তাম্বুলের কুলটুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মেনসুর আকগুনের মতে, “এই তিন দেশ সিরিয়া সংকট সমাধানের জন্য ক্রমান্বয়ে এক মতে পৌঁছতে চেষ্টা করছে।”

“এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই তিন অংশীদারের কোন লাভ নেই, এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতিও তারা চায় না।”, বলেন আকগুন।

“নিজেদের মধ্যকার মতপার্থক্য সত্যেও তারা সমাধানের পথ খুঁজছেন এবং দেশের অখণ্ডতা কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে ভাবছেন”, যোগ করেন আকগুন।

লেবাননের রাজনৈতিক বিশ্লেষক তাওফিক সুমনের মতে, “এই নতুন উদ্যোগ সিরিয়া সংকট সমাধানের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে।”

প্রেসিডেন্ট বাশার আল আসাদ কতৃক দামেস্ক উপকূল দখলে নেয়ার ঘটনা আসাদের গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে দেখা হচ্ছে।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট বরাবরই বাশার আল আসাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ করে আসছেন। উল্লেখ্য, সম্প্রতি তুরস্কের সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি যৌথভাবে সিরিয়ার আফরিন শহর দখল করে নেয়।